জাতীয়

হাদির জন্য আজ সারা দেশে বিশেষ দোয়া, কফিন মিছিল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ এএম

হাদির জন্য আজ সারা দেশে বিশেষ দোয়া, কফিন মিছিল
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

হাদির ইন্তেকালে আজ শুক্রবার সারা দেশের সব মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং কফিন মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য। বৃহস্পতিবার রাতে এক শোকবার্তায় সংগঠনটি জানায়, “শহীদ শরিফ ওসমান বিন হাদি আমাদের জুলাইয়ের অস্তিত্বের প্রতীক। তার রক্তের প্রতিটি ফোঁটার বিচার বাংলাদেশের মাটিতেই নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা দেশের সব বিপ্লবী জনগণকে ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি।”

শোকবার্তায় আরও বলা হয়, হাদির আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং তার আদর্শ বাস্তবায়নে আন্দোলন আরও বেগবান করা হবে।

উল্লেখ্য, শরিফ ওসমান বিন হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। গত ১২ ডিসেম্বর তিনি ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ওই দিন মতিঝিলে জুমার নামাজ আদায় শেষে তিনি প্রচারণা শেষ করেন।

প্রচারণা শেষে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন মডেল থানার বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেলে প্রাথমিক অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তবে দীর্ঘ চিকিৎসা ও প্রাণপণ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন।

শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল এই হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।