জাতীয়

নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন হবে: মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ এএম

নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন হবে: মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে- এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বৈরাচারী শাসনামলে যে ভোটাধিকার জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, তা ফিরে পাওয়ার জন্য দেশের মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সোমবার (বাংলাদেশ সময়) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে প্রায় আধা ঘণ্টাব্যাপী এক টেলিফোন আলাপে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। আলাপচারিতায় বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়।

ফোনালাপে আসন্ন সাধারণ নির্বাচন, দেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া, দ্বিপক্ষীয় বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত বিষয় এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড প্রসঙ্গ উঠে আসে। প্রধান উপদেষ্টা নির্বাচনকে সামনে রেখে সরকারের প্রস্তুতি ও অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন।

ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী সার্জিও গোর সাম্প্রতিক বাণিজ্য ও শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান। তিনি বলেন, এই আলোচনার ফলে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলাপকালে মার্কিন বিশেষ দূত শহীদ ওসমান হাদির জানাজার বিষয়টিও উল্লেখ করেন এবং ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকেরা নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে বিপুল অর্থ ব্যয় করছে এবং তাদের পলাতক নেতারা সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

তবে এসব ষড়যন্ত্র মোকাবিলায় অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে জানান ড. ইউনূস। তিনি বলেন, “নির্বাচনের আর প্রায় ৫০ দিন বাকি। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর। এই নির্বাচন যেন দেশের গণতান্ত্রিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, সে লক্ষ্যেই আমরা কাজ করছি।”

ফোনালাপের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।