জাতীয়

লড়াইয়ের ফল জীবদ্দশাতেই দেখে গেছেন বেগম জিয়া: ফারুকীর আবেগঘন বার্তা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম

লড়াইয়ের ফল জীবদ্দশাতেই দেখে গেছেন বেগম জিয়া: ফারুকীর আবেগঘন বার্তা
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শ্রদ্ধা ও আবেগঘন অভিব্যক্তি প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

আজ বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, বেগম জিয়া দীর্ঘকাল যে আদর্শের জন্য লড়াই করেছেন, জীবদ্দশাতেই তিনি তার সফল পরিণাম দেখে গেছেন।

ফারুকী তাঁর পোস্টে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে একটি বিশেষ মহল শহীদ জিয়াউর রহমানের পরিবার ও বিএনপির রাজনীতিকে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিকভাবে কোণঠাসা করার চেষ্টা করেছিল। কিন্তু চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সেই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে। যারা একসময় এই রাজনীতিকে অবজ্ঞা করতে চেয়েছিল, তারাই আজ জিয়া-খালেদা জিয়ার 'বাংলাদেশপন্থি' রাজনীতিকে উদযাপন করছে।

উপদেষ্টা আরও লিখেন, দেশের সার্বভৌমত্ব এবং 'বাংলাদেশ ফার্স্ট' নীতিকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই—এটিই চব্বিশের শ্রেষ্ঠ উপহার। বেগম খালেদা জিয়ার বর্তমান সম্মানজনক বিদায়ের পেছনে তাঁর অনমনীয় অবস্থানকে প্রধান কারণ হিসেবে দেখছেন ফারুকী। তাঁর মতে, এই দৃঢ়তার কারণেই বর্তমান প্রজন্মের কাছে বেগম জিয়া এত বেশি প্রাসঙ্গিক।

পরিশেষে ফারুকী মন্তব্য করেন, বেগম জিয়া অত্যন্ত ‘গ্রেসফুলি’ এবং দৃঢ়তার সঙ্গে তাঁর রাজনৈতিক লড়াই চালিয়ে গেছেন এবং দেশবাসীর ভালোবাসার মধ্য দিয়ে সেই লড়াইয়ের সার্থকতা দেখে যেতে পেরেছেন।