জাতীয়
ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ঢাকায় অবস্থানকালে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির খবরে জানানো হয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সংবাদমাধ্যমটির সূত্র অনুযায়ী, সাক্ষাৎকালে দুই নেতা পরস্পরের সঙ্গে করমর্দন করেন এবং সৌজন্য বিনিময়ের মাধ্যমে কুশলাদি জিজ্ঞাসা করেন।
উল্লেখ্য, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন। তার মরদেহ জাতীয় পতাকায় আচ্ছাদিত গাড়িতে করে ঢাকায় আনা হলে রাষ্ট্রীয় শোক পালন করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক প্রস্তুতি দেখা যায়।
বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের নেতারা ঢাকায় আসেন।
প্রসঙ্গত, ২০২৫ সালের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে স্বল্পস্থায়ী কিন্তু তীব্র সংঘর্ষের পর নেতৃত্ব পর্যায়ে এটি দুই দেশের প্রতিনিধিদের প্রথম সরাসরি সাক্ষাৎ বলে মনে করা হচ্ছে।