জাতীয়

প্রবাসীদের কাছে ৭ লাখ ২৮ হাজার পোস্টাল ব্যালট পাঠাল নির্বাচন কমিশন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১২:০৭ পিএম

প্রবাসীদের কাছে ৭ লাখ ২৮ হাজার পোস্টাল ব্যালট পাঠাল নির্বাচন কমিশন
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের ১০৪টি দেশের ৭ লাখ ২৮ হাজার ২৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ ব্যবস্থার আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, যেসব প্রবাসী ভোটারের কাছে এখনো ব্যালট পৌঁছেনি, তাদের কাছেও দ্রুততম সময়ের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে।

তবে ব্যালটের গোপনীয়তা রক্ষার বিষয়ে প্রবাসী ভোটারদের সতর্ক করে তিনি বলেন, ভোটের গোপনীয়তা রক্ষা করা সংশ্লিষ্ট ভোটারের দায়িত্ব। কেউ যদি ব্যালটের গোপনীয়তা ভঙ্গ করেন, সে ক্ষেত্রে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

ইসি কর্মকর্তারা জানান, সবচেয়ে বেশি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী ভোটারদের কাছে। দেশটিতে ২ লাখ ২৩ হাজার ৯৪৩ জন প্রবাসীর কাছে ব্যালট পৌঁছেছে। এ ছাড়া মালয়েশিয়ায় ৮৩ হাজার ৮২৭ জন এবং কাতারে প্রায় ৭৪ হাজার প্রবাসী ভোটার পোস্টাল ব্যালট পেয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে (ইন-কান্ট্রি) নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন এবং প্রবাস থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন ভোটার।

ইসি সূত্রে আরও জানা গেছে, বুধবার সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন দেশের আরও ৫০ হাজার ৭৯০ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সৌদি আরবে ১৭ হাজার, মালয়েশিয়ায় ১১ হাজার ৭৫০ এবং ওমানে ১০ হাজার ২০০ জন প্রবাসী ভোটার ব্যালট পেয়েছেন।

নির্বাচন কমিশন আশা করছে, এই ব্যবস্থার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা নির্বিঘ্নে ও নিরাপদভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।