জাতীয়
সৌদি বিমানবন্দরে হামলার পর প্রবাসীদের নিয়মিত খোঁজ নিচ্ছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী
সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পাশাপাশি আহত রোগীদের স্বজনদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী মহিলা হোস্টেল ও পাঁচ শয্যাবিশিষ্ট হাসপাতাল সুবিধাসহ শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের সতর্কতা অবলম্বন করতে এবং ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিরাপদ দূরত্বে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া যেকোনো ধরনের সমস্যা বা জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট দূতাবাসের নির্ধারিত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রবাসীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতির বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে বলেও জানান তিনি।
ভিসা প্রতারণা এবং রিক্রুটিং এজেন্সির অনিয়মের বিষয়ে মন্ত্রী বলেন, প্রতারণার অভিযোগে ৫২টি এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। এ ছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের কার্যালয় সিলগালা করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি এ ধরনের প্রতারণা থেকে সাধারণ মানুষকে সতর্ক করতে গণমাধ্যমে সচেতনতামূলক প্রচার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে রিক্রুটিং এজেন্সির পাশাপাশি অনেক ট্রাভেল এজেন্সিও শ্রমিকদের বিদেশে পাঠানোর কাজে যুক্ত হচ্ছে। অথচ শ্রমিক নিয়োগ ও বিদেশে কর্মসংস্থানের জন্য নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। এ ক্ষেত্রে অনিয়ম বন্ধ করতে সংশ্লিষ্ট কার্যক্রমের প্রতিটি স্তর অনলাইন পদ্ধতির আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এ খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে। প্রক্রিয়াগুলো অনলাইনভিত্তিক করা গেলে স্বচ্ছতা বাড়বে এবং বিদেশগামী কর্মীদের ভোগান্তি ও প্রতারণার ঝুঁকি কমানো সম্ভব হবে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।