জাতীয়

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইনের অনুমোদন উপদেষ্টা পরিষদে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইনের অনুমোদন উপদেষ্টা পরিষদে
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন’-এর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানান।

আইন উপদেষ্টা বলেন, জুলাই-আগস্টে রাজনৈতিক প্রতিরোধ আন্দোলনের সময় যেসব যোদ্ধার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে, সেগুলো সরকার প্রত্যাহার করবে। পাশাপাশি এ সংক্রান্ত নতুন করে কোনো মামলা দায়ের করা হবে না।

তিনি আরও জানান, জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দেশের কোথাও কোনো মামলা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, গত ৮ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছিলেন, ‘দায়মুক্তি অধ্যাদেশ’-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। জুলাই বিপ্লবের যোদ্ধাদের ফ্যাসিস্ট সরকারের দোসরদের হাত থেকে নিরাপদ রাখা এবং তাদের প্রতিরোধমূলক কর্মকাণ্ডের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ওই পোস্টে আইন উপদেষ্টা উল্লেখ করেন, জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছেন। আন্দোলনের সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে যে প্রতিরোধমূলক কার্যক্রম তারা পরিচালনা করেছিলেন, তার জন্য দায়মুক্তি পাওয়া তাদের ন্যায্য অধিকার। তিনি বলেন, এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ এবং আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। উদাহরণ হিসেবে তিনি আরব বসন্তসহ বিভিন্ন দেশের গণ-অভ্যুত্থানের পর বিপ্লবীদের সুরক্ষায় প্রণীত দায়মুক্তি আইনের কথা উল্লেখ করেন।

সংবিধানের দৃষ্টান্ত তুলে ধরে অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে এ ধরনের দায়মুক্তি আইন প্রণয়নের স্পষ্ট বৈধতা রয়েছে, যা এই অধ্যাদেশের যৌক্তিকতাকে আরও শক্তিশালী করে।