জাতীয়

সংসদ নির্বাচন উপলক্ষে টানা ৪ দিনের ছুটি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম

সংসদ নির্বাচন উপলক্ষে টানা ৪ দিনের ছুটি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার (১৩ ও ১৪ ফেব্রুয়ারি)।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি জানান। তিনি বলেন, নির্বাচন উপলক্ষে ভোটারদের যাতায়াত ও অংশগ্রহণ নিশ্চিত করতে ছুটির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে পোশাক খাতসহ বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা টানা তিন দিনের সাধারণ ছুটি পাবেন।

এর আগে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ও ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে ছুটি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি একই দিনে গণভোটও হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটদানে উৎসাহিত করতেই সরকার এই ছুটির ব্যবস্থা করেছে।