জাতীয়

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়তে বাংলাদেশ বদ্ধপরিকর: আসিফ নজরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১০:০০ এএম

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়তে বাংলাদেশ বদ্ধপরিকর: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

আগামীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, বিশ্বজুড়ে দক্ষ জনশক্তির ক্রমবর্ধমান চাহিদা পূরণে বাংলাদেশ ইতোমধ্যে সময়োপযোগী ও কার্যকর নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

রোববার (২৬ জানুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে বক্তব্য প্রদানকালে তিনি বাংলাদেশের শ্রমবাজারে চলমান গুণগত পরিবর্তন ও সংস্কারের চিত্র তুলে ধরেন।

ড. আসিফ নজরুল জানান, সৌদি আরবের তাকামলের সঙ্গে স্বাক্ষরিত দক্ষতা যাচাই কর্মসূচি (এসভিপি) চুক্তির আওতায় সৌদি শ্রমবাজারের প্রকৃত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ প্রতি মাসে প্রায় ৬০ হাজার কর্মীকে বিভিন্ন পেশায় দক্ষতার সনদ প্রদান করছে। এর ফলে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতার মান নিশ্চিত হচ্ছে এবং কর্মীদের গ্রহণযোগ্যতাও বাড়ছে।

তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ আইএলও’র ১০টি মৌলিক কনভেনশন অনুমোদনের মাধ্যমে শ্রমবাজারে ন্যায্যতা, শ্রমিক কল্যাণ ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে।

এই অধ্যাদেশের মাধ্যমে ট্রেড ইউনিয়ন গঠন প্রক্রিয়া সহজীকরণ, লিঙ্গভিত্তিক মজুরি বৈষম্য দূরীকরণ এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি নিষিদ্ধসহ শ্রমিকদের ন্যায্য অধিকার আরও সুসংহত করা হবে বলে জানান তিনি।

এছাড়া সম্প্রতি স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি আরব শ্রমিক নিয়োগ চুক্তি নিরাপদ, সুশৃঙ্খল ও ন্যায্য অভিবাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ড. আসিফ নজরুল।

উল্লেখ্য, রিয়াদে অনুষ্ঠিত এবারের তৃতীয় গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাসচিবসহ বিশ্বের ৩৫টি দেশের শ্রমমন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এই সম্মেলনে বৈশ্বিক শ্রমবাজারের ভবিষ্যৎ, দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।