জাতীয়

১৪ বছর পর পুনরায় ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম

১৪ বছর পর পুনরায় ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু
ছবি: সংগৃহীত

১৪ বছরের বিরতির পর আবারও ঢাকা-করাচি-ঢাকা সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি উড়াল দিল জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে।

তবে এই ফ্লাইট চালু করার সিদ্ধান্তের ঘোষণার পর থেকে তেমন কোন প্রচারণা ছিল না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। এমনকি আজ বিষয়ে নিয়ে প্রচারণারও আয়োজন ছিল না। কোনো অনুষ্ঠানও হয়নি।

এখানেই শেষ নয়, যারা এভিয়েশন খাত নিয়ে সংবাদ কাভার করে সেসব সংবাদ কর্মীদেরও ডাকা হয়নি। এক প্রকার খুব নিরবে ঢাকা থেকে বিমানের ফ্লাইট উড়লো করাচির উদ্দেশে।

বিষয়টি নিয়ে জানতে বিমানের মিডিয়া বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো সাড়া দেয়নি। বিমানের মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা কর্মচারী বোশরা ইসলামকে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে নিয়োজিত সংবাদ কর্মীরাও একই কথা জানিয়েছেন।

তারা বলছেন, বিমান বিগত সময়ে জাপান, ইতালি ও কানাডা রুটে ফ্লাইট চালু করার দিন পছন্দের সংবাদ কর্মীদের উদ্বোধনী ফ্লাইটে ফ্রি নিয়ে যাওয়া, থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছিল। এবারই প্রথম কোনো দেশের সাথে ফ্লাইট চালুর দিন কাউকে জানানো হয়নি।