জাতীয়
আজ সকাল ১০টায় নতুন এমপিদের শপথ, বিকেল ৪টায় মন্ত্রিসভার
এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে নতুন সরকারের। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়।
আজ মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের শপথ গ্রহণ প্রক্রিয়ায় এমপিরা দুই দফায় শপথ নেবেন-প্রথম দফায় সংসদ সদস্য হিসেবে এবং দ্বিতীয় দফায় রাষ্ট্র সংস্কারের বিশেষ অঙ্গীকার নিয়ে।
একই দিন বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান-কে শপথবাক্য পাঠ করাবেন। একই অনুষ্ঠানে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শপথ গ্রহণ করানো হবে।
সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রশাসনিক, নিরাপত্তা ও প্রটোকল প্রস্তুতি ইতোমধ্যেই শেষ করা হয়েছে। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ ও নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।