জাতীয়

স্বাস্থ্যখাতে সিন্ডিকেট ও দুর্নীতির কোনো জায়গা থাকবে না : স্বাস্থ্যমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম

স্বাস্থ্যখাতে সিন্ডিকেট ও দুর্নীতির কোনো জায়গা থাকবে না : স্বাস্থ্যমন্ত্রী
সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

স্বাস্থ্যখাতে সিন্ডিকেট ও দুর্নীতির কোনো স্থান থাকবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, জনগণের স্বাস্থ্যসেবাকে প্রভাবিত করে- এমন কোনো সিন্ডিকেট বা দুর্নীতিকে তিনি কোনোভাবেই প্রশ্রয় দেবেন না।

বুধবার দুপুর ২টার দিকে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্যখাতকে সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত করাই তার প্রধান লক্ষ্য এবং সেই উদ্দেশ্য নিয়েই তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি এখানে এসেছি স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত করার জন্য। এ মন্ত্রণালয়ে কোনো সিন্ডিকেট থাকবে না। আমাদের কাজের ওপর কোনো সিন্ডিকেটের প্রভাব পড়তে দেওয়া হবে না। আমরা কোনো সিন্ডিকেটের কবলে পড়বো না- ইনশাআল্লাহ।”

স্বাস্থ্যখাতের অগ্রাধিকার বিষয়ে তিনি আরও বলেন, দুর্নীতির প্রশ্নে জনগণকে তিনি আশ্বস্ত করতে চান। স্বাস্থ্যখাতে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা গোষ্ঠীগত স্বার্থের জায়গা থাকবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতেই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি।

আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি সেবার মান উন্নত করাই তার মূল লক্ষ্য। দেশের মানুষের দোরগোড়ায় কীভাবে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হবে। চিকিৎসাসেবাকে আরও সহজলভ্য, মানবিক ও কার্যকর করার দিকেই তার বিশেষ নজর থাকবে।

তিনি আরও বলেন, “আমি মনে করি প্রধানমন্ত্রী আমাকে একটি অত্যন্ত গুরু দায়িত্ব দিয়েছেন। যেদিন আমি তাঁর সন্তুষ্টি অর্জন করতে পারব এবং একই সঙ্গে দেশের মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারব, সেদিনই আমি আমার দায়িত্ব পালনের প্রকৃত তৃপ্তি অনুভব করব।”

নিজের চিকিৎসা বিদেশে করাবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “কিছু হলেই বিদেশে যেতে হবে- আমি এ ধারণায় বিশ্বাস করি না।” তিনি ইঙ্গিত দেন, দেশের স্বাস্থ্যব্যবস্থার ওপর আস্থা রেখেই তিনি কাজ করতে চান এবং সেটিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দায়িত্ব পালন করবেন।

স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যে স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অনিয়ম ও সিন্ডিকেট নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।