জাতীয়

মধ্যপ্রাচ্য সংকটে ঢাকায় আজ ২৫ ফ্লাইট বাতিল, তিন দিনে বন্ধ ১৭৩টি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০১:৩১ পিএম

মধ্যপ্রাচ্য সংকটে ঢাকায় আজ ২৫ ফ্লাইট বাতিল, তিন দিনে বন্ধ ১৭৩টি
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে আজও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর সৃষ্ট যুদ্ধপরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে গত তিন দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৭৩টি ফ্লাইট বাতিল হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৫টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট।

এদিকে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্যে ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়েছে, আগামী ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি ফ্লাইট বাতিল করা হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে।