জাতীয়

রমজানে অসাধু উপায়ে ব্যবসা না করার আহ্বান প্রধানমন্ত্রীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৭:১০ পিএম

রমজানে অসাধু উপায়ে ব্যবসা না করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে ব্যবসায়ীদের অশুভ পন্থা পরিহার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, রমজান মাসে মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বাড়ে। এ সময় ব্যবসায়ীদের উচিত সততা ও ন্যায্যতার সঙ্গে ব্যবসা পরিচালনা করা এবং কোনো ধরনের অসাধু পন্থা অবলম্বন না করা।

তিনি আরও বলেন, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে যাকাত ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল ও কার্যকর করার উদ্যোগ নেবে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

চলমান পরিস্থিতি বিবেচনায় এ আয়োজনের মধ্য দিয়েই বিএনপির ইফতার আয়োজন শেষ হতে পারে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।