জাতীয়
সংসদের প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। অধিবেশনের প্রথম দিনেই মোট ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হবে। এসব অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। ওই কমিটি পর্যালোচনা করে নির্ধারণ করবে কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনগুলো ল্যাপস বা বাতিল হয়ে যাবে।
তিনি আরও জানান, বর্তমান সংসদে এখনো স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়ায় অধিবেশনের শুরুতে একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের সভাপতিত্বে কার্যক্রম শুরু হবে। এরপর সংসদ নেতার প্রস্তাবের ভিত্তিতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। কারা এ দুই পদে মনোনয়ন পাবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদের প্রথম দিনের কার্যক্রমের অংশ হিসেবেই রাষ্ট্রপতি জাতীয় সংসদে ভাষণ দেবেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া সংসদের অধিবেশন নিয়ে সেখানে আলোচনা হয়।