জাতীয়
সংসদের ফ্লোরে উঠতে পারে সংবিধান সংস্কারের বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি জাতীয় সংসদের ফ্লোরে আলোচনায় উঠতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন সংসদ অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কী কী আইন উত্থাপন করা হবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কত সময় আলোচনা হবে-এসব বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি জানান, ১৫ মার্চের অধিবেশন শেষে সংসদ মুলতবি হয়ে ঈদের পর আগামী ২৯ মার্চ আবার বসবে। এরপর এপ্রিল মাসজুড়ে সংসদের অধিবেশন চলার সম্ভাবনা রয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ একটি বিশেষ সংসদীয় কমিটিতে পাঠানো হবে। সেখানে সেগুলো যাচাই-বাছাই শেষে প্রতিবেদন আকারে সংসদে উপস্থাপন করা হবে।