জাতীয়
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
দেশের ১২টি সিটি করপোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রবিবার (১৫ মার্চ) বিকাল সাড়ে তিনটায় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও অন্যান্য সিটি করপোরেশনের প্রশাসকদের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এ আর্থিক সহায়তা দেওয়া হয়। দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের এ নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই প্রধানমন্ত্রী এ উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এ সহায়তা তাদের পরিবারে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। পাশাপাশি নগর সেবায় নিয়োজিত সব কর্মীর কল্যাণে সরকার ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।্য
চেক প্রদানের সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অন্যান্য সিটি করপোরেশনসগুলোর প্রশাসকরা।