জাতীয়

সুখী-সমৃদ্ধ দেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার: স্বরাষ্ট্রমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৬:৪৯ পিএম

সুখী-সমৃদ্ধ দেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক এবারের ঈদের অঙ্গীকার।

শুক্রবার দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি তার নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া)সহ সমগ্র দেশবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানান।

বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে আসে। এই উৎসব আমাদের শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়, যা ব্যক্তি ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জীবনে সমানভাবে বয়ে আসুক—এই প্রত্যাশাই সবার। এ সময় তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন এবং সবাই যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সেই আশা ব্যক্ত করেন।