জাতীয়
সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান, শান্তিরক্ষা অবদানে গ্রহণ করবেন সম্মাননা
সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৮ মার্চ) তিনি এই সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন।
সফরকালে তিনি জর্জিয়া স্টেট ক্যাপিটল-এর উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করবেন। পাশাপাশি সিনেট চেম্বারে আয়োজিত একটি বিশেষ লেকচার অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে।
এছাড়া সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি ও সামরিক প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন সেনাপ্রধান। এসব বৈঠকে পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বাংলাদেশের শান্তিরক্ষীরা দীর্ঘদিন ধরে জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সেই অবদান আরও স্বীকৃতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।