জাতীয়

‘ভারতে ইলিশ পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পিএম

‘ভারতে ইলিশ পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী’
ছবিঃ সংগৃহিত

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষ্যে ভারতে ইলিশ পাঠানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আজ সোমবার (০৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ইলিশ সম্পদ রক্ষায় ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০টি জেলায় এই কর্মসূচি পালিত হবে এবং উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে চাঁদপুরে। 

জাটকা আহরণ, বিক্রি ও মজুত থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এই সময়ে সাগর থেকে বাজার পর্যন্ত কঠোর নজরদারি থাকবে এবং জনসচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

ভারতে ইলিশ পাঠানো প্রসঙ্গে তিনি জানান, সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানি করে না; তবে সৌজন্য হিসেবে কিছু ইলিশ পাঠানো হয়ে থাকে। এবছর তা করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন সরকারপ্রধান।

ইলিশের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, উৎপাদন বৃদ্ধি পেলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে।