জাতীয়
লালবাগে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো শিরীন শারমিন চৌধুরীকে
রাজধানীর লালবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে, যেগুলোর তদন্ত চলমান।
এ বিষয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বলেন, বর্তমানে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে ডিবি অফিস থেকে আদালতে নেওয়া হচ্ছে।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির অনেক শীর্ষ নেতা আত্মগোপনে চলে যান এবং কেউ কেউ গ্রেপ্তার হন। তবে শিরীন শারমিন চৌধুরী দীর্ঘ সময় প্রকাশ্যে আসেননি। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন না।
উল্লেখ্য, রাষ্ট্রপতি জিল্লুর রহমান-এর মৃত্যুর পর তৎকালীন স্পিকার আবদুল হামিদ সেই পদে দায়িত্ব নেন। এরপর ২০১৩ সালের ৩০ এপ্রিল দেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব নেন শিরীন শারমিন চৌধুরী এবং টানা তিন মেয়াদে এ দায়িত্ব পালন করেন।