জাতীয়
সরকার ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা বহন করছে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া বিপুল ঋণ ও দুর্বল অর্থনৈতিক কাঠামোর চাপ বর্তমান সরকারকে মোকাবিলা করতে হচ্ছে। তার দাবি, প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা এখন রাষ্ট্র বহন করছে।
বুধবার রাজধানীর উত্তরা এলাকায় আয়োজিত মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে পুনরায় স্বাবলম্বী অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের অন্তত দুই বছর সময় প্রয়োজন। এ সময় রাজনৈতিক বিভাজন এড়িয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হলে অর্থনৈতিক পুনরুদ্ধার ব্যাহত হতে পারে। তার ভাষায়, অতীতে ধর্মীয় পরিচয় নিয়েও মানুষকে সন্দেহের চোখে দেখা হয়েছে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার মাধ্যমে বিভাজন তৈরির চেষ্টা করা হয়েছে।
জহির উদ্দিন স্বপন দাবি করেন, বর্তমানে দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিবেশ বিরাজ করছে এবং এ ধরনের আয়োজন তারই প্রতিফলন।