জাতীয়
ঈদে টানা ৭ দিন ছুটি পাচ্ছেন যারা
ঈদুল আজহা উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে জরুরি সেবায় নিয়োজিত বিভিন্ন খাতের কর্মীরা এ ছুটির বাইরে থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি কার্যকর থাকবে। এর আগে ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকলেও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছুটির সময়ে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ সচল রাখতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন। একইভাবে ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, ডাক বিভাগ, টেলিফোন ও ইন্টারনেট সেবার সঙ্গে যুক্ত কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।
এ ছাড়া হাসপাতাল ও অন্যান্য জরুরি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান খোলা থাকবে। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের নিয়মিত দায়িত্ব পালন করতে হবে। ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিত কর্মীরাও এ সময়ে দায়িত্বে থাকবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদের সময় ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে আদালতের কার্যক্রম পরিচালনা নিয়ে আলাদা নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
এছাড়া বেসরকারি শিল্প-কারখানার ছুটি ও কার্যক্রম বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।