জাতীয়

হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালুর নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৩:১১ পিএম

হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালুর নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের
ছবি: সংগৃহীত

দেশে হাম রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ নিয়ন্ত্রণ এবং আক্রান্তদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার জন্য সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আলাদা ওয়ার্ড বা কেবিনের ব্যবস্থা করতে হবে।

নির্দেশনায় আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড নিশ্চিত করতে বলা হয়েছে। রোগীদের সঙ্গে একজনের বেশি দর্শনার্থী বা স্বজন প্রবেশ করতে পারবেন না বলেও জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ভর্তি হওয়া সব রোগীর তথ্য নিয়মিত এমআইএস সার্ভারে আপলোড করতে হবে।