জাতীয়
মশা মারতে যুক্তরাষ্ট্র নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর
মশক নিয়ন্ত্রণ ও নিধন কার্যক্রম পর্যবেক্ষণের উদ্দেশ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব অনুমোদন দেয়নি প্রধানমন্ত্রীর কার্যালয়। স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো এ সংক্রান্ত সারসংক্ষেপ নাকচ করা হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, একটি বিদেশি প্রতিষ্ঠানের অর্থায়নে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য সফরের অনুমতি চাওয়া হয়েছিল। সফরের উদ্দেশ্য ছিল মশা নিয়ন্ত্রণে ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি ও কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা।
তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেন, মশা নিধনের কৌশল শেখার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। দেশের বাস্তব পরিবেশ ও পরিস্থিতির মধ্যেই এ বিষয়ে কার্যকর অভিজ্ঞতা এবং নতুন ধারণা অর্জন সম্ভব।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, মশা নিয়ন্ত্রণের কার্যক্রম দেখতে যুক্তরাষ্ট্র যাওয়ার দরকার নেই। সন্ধ্যার পর দেশের যেকোনো ডোবা, নালা বা জলাবদ্ধ এলাকার পাশে কিছু সময় অবস্থান করলেই মশার বিস্তার ও নিয়ন্ত্রণ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব।
এদিকে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডা. শাহাদাত হোসেন। সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে তিনি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলেন।
পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের কয়েকটি সিটি করপোরেশনের মেয়র অপসারিত হলে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে পূর্ববর্তী নির্বাচনের ফল বাতিল করে ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। পরে তিনি মেয়র হিসেবে শপথ গ্রহণ করে দায়িত্বভার গ্রহণ করেন।