জাতীয়

‘সবার জন্য ট্রাফিক আইন সমান’ বলার পর কমিশনারের গাড়িবহরেরই আইন লঙ্ঘন!


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১০:৩৩ পিএম

‘সবার জন্য ট্রাফিক আইন সমান’ বলার পর কমিশনারের গাড়িবহরেরই আইন লঙ্ঘন!
ছবি: সংগৃহীত

‘ট্রাফিক আইন সবার জন্য সমান’ এমন বক্তব্য দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের গাড়িবহরের বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারি-বেসরকারি সব যানবাহনের জন্য আইন সমান, এমনকি প্রধানমন্ত্রীও ট্রাফিক আইন মেনে চলেন। তবে বক্তব্যের কিছু সময় পরই তার গাড়িবহরকে সাধারণ যানবাহনের জন্য নির্ধারিত ডাইভারশন অতিক্রম করতে দেখা যায়।

জানা যায়, মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টার থেকে সদর দপ্তরের দিকে যেতে সাধারণ যানবাহনকে মগবাজার ফ্লাইওভারের নিচ দিয়ে ঘুরে ইউটার্ন নিতে হয়। ওই অংশটি দড়ি ও প্লাস্টিক ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংবাদ সম্মেলন শেষে কমিশনারের গাড়িবহর ওই স্থানে পৌঁছালে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা দড়ি ও ব্যারিকেড সরিয়ে পথ খুলে দেন। গাড়িবহর পার হওয়ার পর আবার সেটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়।

ওই পথে নিয়মিত চলাচলকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, সাধারণ মানুষের জন্য এই ক্রসিং সবসময় বন্ধ থাকে, কিন্তু পুলিশের গাড়িবহর এলে সেটি খুলে দেওয়া হয়। এতে সাধারণ চালকদের দীর্ঘ পথ ঘুরে যেতে হয়।

এদিকে বিষয়টি সামাজিক ও জনমনে সমালোচনার জন্ম দিয়েছে। কারণ, একই অনুষ্ঠানে কমিশনার নিজেই বলেছিলেন, যে-ই ট্রাফিক আইন লঙ্ঘন করবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।