জাতীয়

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১১:৫১ এএম

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকার সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়।

বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে সেনাকুঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী।

দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, দক্ষতা ও মানবিক মূল্যবোধের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশ শীর্ষ দেশগুলোর একটি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিশেষ করে নারী শান্তিরক্ষীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক পরিসরে তাদের দক্ষতা ও সক্ষমতা ব্যাপক প্রশংসিত হচ্ছে, যা নারী ক্ষমতায়নের ক্ষেত্রে দেশের অগ্রগতির একটি উজ্জ্বল উদাহরণ।

প্রধানমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধিতে শান্তিরক্ষীদের অবদান অনস্বীকার্য। তিনি পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সহনশীলতার ভিত্তিতে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।