জাতীয়

কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৩:৩১ পিএম

কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী 
ছবিঃ সংগৃহীত

কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে অনুষ্ঠানস্থলের উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর এ উদ্যোগ বিমানবন্দর এলাকায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

আজ শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে বিমানবন্দর থেকে বের হয়ে প্রধানমন্ত্রী নিজেই গাড়ির চালকের আসনে বসেন এবং পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্দেশে যাত্রা করেন। এ সময় তার পাশে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এ সফরে তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও সঙ্গে রয়েছেন। এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রিপরিষদের সদস্যরাও সফরে অংশ নেন। উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এছাড়া স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতারাও উপস্থিত ছিলেন।

দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়ন ও জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন, পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, সুধী সমাবেশে বক্তব্য প্রদান এবং বৃহৎ জনসভায় অংশগ্রহণ। স্থানীয় উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং অবকাঠামো উন্নয়নকে কেন্দ্র করেই তার এ সফরের মূল কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সরকারি কর্মসূচি শেষে রাতেই প্রধানমন্ত্রী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।