জাতীয়

৬ শিশুকে দায়িত্বহীনভাবে রেখে মেরে ফেলবে, তা হতে পারে না: স্বাস্থ্যমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৩:০২ পিএম

৬ শিশুকে দায়িত্বহীনভাবে রেখে মেরে ফেলবে, তা হতে পারে না: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, দায়িত্বহীনতার কারণে শিশুদের মৃত্যু মেনে নেওয়া যায় না।

মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজধানীর ইস্কাটনে হলি ফ্যামিলি মেডিকেল কলেজে হাম চিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ক গাইডলাইনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালের একটি কক্ষে প্রায় দুই ঘণ্টা এসি বন্ধ থাকায় অক্সিজেনের ঘাটতি তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে শিশুদের দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া উচিত ছিল। তিনি বলেন, একটি শিশুকে সরানোর পর তার অবস্থার উন্নতি হলে বাকি শিশুদেরও একইভাবে সরিয়ে নেওয়া প্রয়োজন ছিল।

তিনি অভিযোগ করেন, একের পর এক ছয় শিশুর মৃত্যু হলেও হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কক্ষটি যথাযথভাবে পরিদর্শন করেনি এবং বিষয়টিকে গুরুত্ব দেয়নি।

এই ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে যথার্থ উল্লেখ করে মন্ত্রী বলেন, এমন মর্মান্তিক ঘটনার জন্য দায়ীদের অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে নিজেদের মানসিকতার পরিবর্তনের আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করলে সরকার সেই মামলায় জয়ী হবে বলে তিনি আশাবাদী।

এদিকে, হলি ফ্যামিলি মেডিকেল কলেজের উন্নয়ন নিয়েও কথা বলেন তিনি। সরকার প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন করবে এবং শিক্ষার্থী সংখ্যা বাড়ানো হবে বলে জানান। পাশাপাশি চিকিৎসকদের রোগীদের প্রতি আরও মানবিক ও যত্নশীল হওয়ার আহ্বান জানান মন্ত্রী।