জাতীয়
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে পুলিশের সতর্কবার্তা
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের ঝুঁকি চিহ্নিত করে সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, দলটির নেতাকর্মীরা বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার প্রদর্শন এবং প্রকাশ্যে মিছিলের মতো কর্মসূচি পালনের চেষ্টা করতে পারে। এতে রাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ার পাশাপাশি সংঘর্ষের আশঙ্কাও রয়েছে।
বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, এসব কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী এসব কার্যক্রমে বাধা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসানের স্বাক্ষরিত এক চিঠিতে সব ইউনিটকে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, সম্ভাব্য কর্মসূচি ও ঝটিকা মিছিলের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি রয়েছে, তাই পরিস্থিতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করতে হবে।
নির্দেশনায় সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের অপারেশনস শাখাকে মাঠ পর্যায়ে বাড়তি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নামে ঝটিকা মিছিল, প্রচারপত্র বিতরণ এবং ছোটখাটো কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা যায়। গতকাল ঢাকার মহাখালী এলাকায় একটি ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে তিনজনকে আটক করা হয়। একই সময়ে গণভবনের সামনে যুবলীগের একটি মিছিলের খবরও পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলের কার্যক্রম যেন জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে কড়া নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে মাঠ পর্যায়ে গোয়েন্দা ও নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে।