জাতীয়
আবারও টানা ৪ দিনের ছুটির সুযোগ
ঈদের পর আবারও দীর্ঘ ছুটির সুযোগ আসছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামনে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী আগস্টে টানা চার দিনের ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ আগস্ট (বুধবার) ঈদে মিলাদুন্নবী (সা.)-এর সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মাঝখানে একদিন ব্যবধান থাকায় দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হতে পারে।
ঘোষিত তালিকা অনুযায়ী, ২৬ আগস্ট বুধবার সরকারি ছুটি। এরপর ২৮ আগস্ট (শুক্রবার) ও ২৯ আগস্ট (শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় মাঝখানের ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ছুটি নিতে পারলে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন চাকরিজীবীরা।
সাধারণত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে। পাশাপাশি অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানও ছুটি পালন করে। তবে জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো এ ছুটির বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহসহ ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবা চালু থাকবে। এছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা সংশ্লিষ্ট কর্মীরাও দায়িত্ব পালন করবেন।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে, উচ্চ আদালত ও নিম্ন আদালতের ছুটি নির্ধারণ করবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
বাংলাদেশে প্রচলিত নিয়ম অনুযায়ী, সাপ্তাহিক ছুটির কাছাকাছি কোনো উৎসবের ছুটি পড়লে অনেক চাকরিজীবী বাড়তি ছুটি নিয়ে দীর্ঘ অবকাশ উপভোগ করেন। এবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হওয়ায় কর্মজীবীদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তবে সবকিছু নির্ভর করছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর চাঁদ দেখার ওপর।