জাতীয়

চিড়িয়াখানা থেকে সরানো হলো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৫৬ এএম

চিড়িয়াখানা থেকে সরানো হলো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে
ছবি: সংগৃহীত

জাতীয় চিড়িয়াখানার আলোচিত বিরল প্রজাতির সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে হস্তান্তর করা হয়েছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করে চিড়িয়াখানার পরিচালক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার জানান, প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী মহিষটিকে গবেষণা কার্যক্রমের জন্য স্থানান্তর করা হয়েছে।

তিনি বলেন, প্রাণীটির সংরক্ষণ, গবেষণা এবং প্রজনন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পুরো স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

নামের কারণে সাদা মহিষটি শুরু থেকেই দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। বিরল বৈশিষ্ট্যের কারণে এটি জাতীয় চিড়িয়াখানার অন্যতম আলোচিত প্রাণী হিসেবে পরিচিতি পায়।

এর আগে কোরবানির ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জের একটি খামারে থাকা অ্যালবিনো প্রজাতির এই সাদা মহিষটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। মাথার সামনের অংশের বিশেষ ধরনের চুলের গঠনের কারণে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল রেখে এমন নামকরণ করা হয়।

পরবর্তীতে কোরবানি না দিয়ে প্রাণীটিকে সংরক্ষণের সিদ্ধান্ত নেয় সরকার। গত ২৭ মে এটি জাতীয় চিড়িয়াখানায় আনা হলে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সর্বশেষ প্রশাসনিক সিদ্ধান্তে মহিষটিকে গবেষণার উদ্দেশ্যে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।