জাতীয়

সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি বিএনপি এমপির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:২৫ এএম

সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি বিএনপি এমপির
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় জামায়াতে ইসলামীর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ঝালকাঠী-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

সোমবার (২২ জুন) সংসদে দেওয়া বক্তব্যে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকার প্রসঙ্গ তুলে ধরে এই দাবি জানান।

রফিকুল ইসলাম জামাল বলেন, ১৯৭১ সালে যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের এদেশের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়। তিনি আরও দাবি করেন, সরকারের উচিত জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা।

তিনি তার বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রচারণার সমালোচনা করেন। তার অভিযোগ, নির্বাচনী প্রচারে দলটির কিছু প্রার্থী বিতর্কিত বক্তব্য দিয়েছেন এবং ধর্মের নাম ব্যবহার করে ভোট প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। ঝালকাঠী-১ আসনের জামায়াত প্রার্থী ফয়জুল হকের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভোটের বিনিময়ে বেহেশতের নিশ্চয়তা দেওয়ার মতো প্রচারণা ধর্মীয় রাজনীতিকে বিতর্কিত করছে।

একই অধিবেশনে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ মসজিদে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের আহ্বান জানান। তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর, সেখানে শুধু ইবাদত ও ধর্মীয় শিক্ষা কার্যক্রম থাকা উচিত। কোনো রাজনৈতিক দল যেন সেখানে সভা-সমাবেশ বা প্রচারণা না চালাতে পারে, সে বিষয়ে আইন প্রণয়নের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অন্য রাজনৈতিক দলগুলো খোলা মাঠে সভা করতে পারলে ধর্মীয় উপাসনালয়ে রাজনৈতিক কার্যক্রম গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।