জাতীয়
‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনগুলোতে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার যেন এ ব্যাপারে আইন তৈরি করে।
গতকাল বৃহস্পতিবার (০২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমি ভাবছি, আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন পার্টিসিপেট (অংশগ্রহণ) না করে এবং সরকার যেন এ ব্যাপারে আইন তৈরি করে, শিক্ষকরা যেন লোকাল গভর্নমেন্ট ইলেকশনে (স্থানীয় সরকার নির্বাচনে) যেন না যায়। যেতে হলে তারা যেন চাকরি ছেড়ে চলে যায়।
মন্ত্রী আরও বলেন, শিক্ষকদের প্রশিক্ষণের জন্য, উন্নয়নের জন্য যে বিনিয়োগ করছি সেগুলো যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি। সেই লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন। এটার সফলতা আপনাদের সবার ওপর নির্ভর করছে। যেকোনো মূল্যের বিনিময়ে আগামীর বাংলাদেশ গড়তে হবে।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ইউনেস্কো প্রতিনিধিরা।