সারাদেশ
গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কারখানাটির হারবাল সেকশনে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের পরিস্থিতি বিবেচনায় দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়। সব মিলিয়ে বর্তমানে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। পরবর্তী সময়ে আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে আরও ইউনিট যুক্ত করা হয়।
তবে কারখানাটির হারবাল সেকশনে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য জানা যেতে পারে।