জাতীয়

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:১৫ পিএম

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
ছবি: সংগৃহীত

চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে বাংলাদেশ, চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক জোরদার এবং সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সেনাপ্রধান দুই দেশের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক ও মতবিনিময় করেন।

এ সময় তিনি বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র এবং প্রতিরক্ষা শিল্প স্থাপনা পরিদর্শন করেন। এসব পরিদর্শনের মাধ্যমে সামরিক সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ উন্নয়ন, প্রযুক্তি বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে গত ২৮ জুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সংশ্লিষ্টদের মতে, এ সফর দুই দেশের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।