জাতীয়
‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, এসব অভিযোগ দ্রুত সমাধানে প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (৩ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউজে জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তীব্র গরমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। তবে কয়েকটি এলাকায় অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ উঠেছে, যা গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ভুক্তভোগীদের সংশ্লিষ্ট অভিযোগ সেন্টারে যোগাযোগ করে সমাধান নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
লোডশেডিং প্রসঙ্গে তিনি জানান, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, সরকার নাগরিকদের স্বস্তি দিতে এলপিজি গ্যাসের দাম কমিয়েছে। তবে দেশের প্রায় ৯৮ শতাংশ এলপিজি আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ওপর চাপ তৈরি হয়েছে।
তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকার মূল্য সমন্বয়ের পদক্ষেপ নিয়েছে এবং সুযোগ পেলেই ধাপে ধাপে জ্বালানির দাম কমানোর চেষ্টা করা হবে।