জাতীয়
আওয়ামী লীগের রাজনীতি শেষ, শিগগিরই বিচার মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীতে আয়োজিত এক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় দেশে শেষ হয়ে গেছে এবং দলটি আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। তিনি জানান, দলটির বিরুদ্ধে বিচার দাবি উঠেছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। শিগগিরই তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের সময় গণহত্যা চালানোর পরও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তারা অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের অপরাধী হিসেবে আখ্যা দিচ্ছে এবং আন্দোলনকে জঙ্গি কর্মকাণ্ড হিসেবে তুলে ধরছে। তিনি বলেন, এই ধরনের বক্তব্য দেশের জন্য লজ্জাজনক এবং তাদের মধ্যে দোষ স্বীকারের কোনো প্রবণতা নেই।
তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের নেতারা বিদেশে অবস্থান করে দেশের গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
জুলাইয়ের চেতনা নিয়ে কেউ যেন ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা না করে, সে আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা একসময় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেন, তাদের অনেকেই এখন বিদেশে অবস্থান করছেন। চেতনা বিক্রি করে রাজনীতি করলে তার পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।
জুলাই আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, সে সময় তিনি ও তারেক রহমান নির্বাসনে ছিলেন। তাদের অনুপস্থিতিতেই আন্দোলন একটি নির্দিষ্ট পরিণতিতে পৌঁছাতে পেরেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ওই সময়ে সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করে আন্দোলনকে এগিয়ে নেওয়া হয়েছিল এবং অরাজনৈতিক পরিচয়ে জুলাই যোদ্ধাদের সামনে রেখে আন্দোলনকে একটি পর্যায়ে নিয়ে যাওয়া হয়।