জাতীয়
১৬ আগস্ট কটিয়াদীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি আচমিতা এলাকার একটি মাছের পোনা উৎপাদনকেন্দ্র থেকে জাতীয় মৎস্য দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে দেশের সেরা মৎস্যচাষি ও মৎস্যজীবীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে।
বুধবার রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।
তিনি জানান, জাতীয় মৎস্য দিবসের কেন্দ্রীয় আয়োজন অনুষ্ঠিত হবে কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটির উদ্বোধন করবেন। পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা সেরা মৎস্যচাষি ও মৎস্যজীবীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।
সংসদ সদস্য আরও জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো অনুষ্ঠান সফল করতে সমন্বিতভাবে কাজ করছে।
এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জ ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফর সফল করতে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করছেন।