জাতীয়
একযোগে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব করল সরকার
সরকার একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের পর প্রশাসনে এটিই সবচেয়ে বড় পদোন্নতির ঘটনা।
বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের নতুন কর্মস্থলে পদায়নের আদেশ এখনো জারি হয়নি।
এতে বলা হয়েছে, যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে অথবা ই-মেইল (sa1@mopa.gov.bd) এর মাধ্যমে পাঠাতে পারবেন।
এ ছাড়া, পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল পরিবর্তিত হয়ে থাকলে বর্তমানে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট ক্ষেত্রে এই পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।
বর্তমানে প্রশাসনে যুগ্মসচিবের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬১ জন। এবারের পদোন্নতিতে মূলত বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচকে বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি, আগের বিভিন্ন সময়ে পদোন্নতিবঞ্চিত কয়েকটি ব্যাচের কর্মকর্তারাও তালিকায় স্থান পেয়েছেন।
‘সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’ অনুযায়ী, যুগ্মসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডার এবং ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের উপসচিবদের বিবেচনায় নেওয়ার বিধান রয়েছে।
বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে কমপক্ষে পাঁচ বছরের চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারে ১৫ বছরের অভিজ্ঞতা অথবা উপসচিব হিসেবে অন্তত তিন বছরের চাকরিসহ মোট ২০ বছরের অভিজ্ঞতা থাকলে কোনো কর্মকর্তা যুগ্মসচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন