জাতীয়

বিশ্ব জনসংখ্যা দিবস আজ 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৯:৩৭ এএম

বিশ্ব জনসংখ্যা দিবস আজ 
ছবিঃ সংগৃহীত

আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা-সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এ খাতে বৈশ্বিক গুরুত্ব তুলে ধরতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

এ বছরের প্রতিপাদ্য হলো— ‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।’

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষে আগামীকাল (রবিবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন-ও উপস্থিত থাকবেন।

এছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। জাতীয় দৈনিকগুলোও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।

উল্লেখ্য, জনসংখ্যা-সংক্রান্ত বিষয়গুলোতে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে জরুরি মনোযোগ আকর্ষণের লক্ষ্যে ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) গভর্নিং কাউন্সিল ১১ জুলাইকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। সেই ধারাবাহিকতায় ১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মতো বিশ্বের ৯০টি দেশে দিবসটি উদযাপিত হয়।