জাতীয়
৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নে একসঙ্গে এগোচ্ছে সরকার: প্রেস সচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার তাদের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ৩১ দফা কর্মসূচি এবং জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
শনিবার (১৮ জুলাই) বিকেলে সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সালেহ শিবলী বলেন, ফ্যাসিস্ট শাসনামলে দেশের বিভিন্ন খাতে অবনতি হয়েছে। বিশেষ করে সামাজিক ও নৈতিক মূল্যবোধের ক্ষেত্রে এই অবনতি আমাদের অনেক অর্জনকে আড়াল করে দিয়েছে।
তিনি আরও বলেন, সরকার যেসব উন্নয়নমূলক কাজ করছে, তা জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জেলা তথ্য কর্মকর্তাদের আরও কার্যকর ও ক্ষমতাসম্পন্ন করার প্রক্রিয়াও চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করে। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মেয়াদের কার্যক্রম শুরু হয়।