জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৬:৪৩ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২২ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা জোরদার, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিদায়ী নৌবাহিনী প্রধানের কর্মজীবনের সাফল্য এবং বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে তার অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীকে আরও শক্তিশালী ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে অ্যাডমিরাল এম নাজমুল হাসান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এদিকে বিদায়ী নৌবাহিনী প্রধান তার দায়িত্বপালনকালে সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা ও আন্তরিক সমর্থন দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ জুলাই তিনি নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৮৬ সালের ১ জুলাই কমিশনপ্রাপ্ত এই কর্মকর্তা দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন স্টাফ, প্রশিক্ষণ ও কমান্ড দায়িত্ব পালন করেছেন।

এর আগে তিনি নৌ সদর দপ্তরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন), সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), পরিচালক নৌ অপারেশন ও নৌ গোয়েন্দা এবং সশস্ত্র বাহিনী বিভাগে অসামরিক-সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুকসহ চারটি যুদ্ধজাহাজের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।