জাতীয়
বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের মঙ্গল কামনা করলেন স্পিকার
বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সুস্থতা ও মঙ্গল কামনা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সংসদ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে স্পিকার বলেন, শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন এবং তার স্বাক্ষরিত পদত্যাগপত্র বিকেল ৫টা ১ মিনিটে তার হাতে পৌঁছায়। তিনি জানান, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার হিসেবে তিনি পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং একই সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও গ্রহণ করেছেন।
স্পিকার আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে মো. সাহাবুদ্দিন বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনের সময় দায়িত্বশীল ভূমিকা রেখেছেন। তিনি আশা প্রকাশ করেন, সাবেক রাষ্ট্রপতি সুস্থ হয়ে উঠবেন।
তিনি ব্যাখ্যা করেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময়ই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথ অন্তর্ভুক্ত থাকে। একইভাবে ডেপুটি স্পিকারও প্রয়োজন হলে স্পিকারের দায়িত্ব পালনের জন্য শপথ গ্রহণ করে থাকেন।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন আসে এবং বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি ওঠে। যদিও অন্তর্বর্তী সরকারের সময়েও তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন অব্যাহত রাখেন।
তার পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন পরিবর্তনের সূচনা হলো এবং নতুন করে রাষ্ট্রপতি নির্বাচনের পথ উন্মুক্ত হয়েছে।