জাতীয়

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৭ এএম

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর আজ রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন। সপরিবারে তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন বলে জানিয়েছেন। শারীরিক জটিলতার কারণে শিগগিরই বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

গতকাল শনিবার এক গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে সাবেক এই রাষ্ট্রপতি জানান, চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর বা ব্যাংককে যেতে পারেন। জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে তাঁকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ, তাই চিকিৎসার উদ্দেশ্যে তাঁকে সঙ্গে নিয়েই বিদেশ সফরে যাবেন।

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত শনিবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনি জটিলতায় ভুগছেন তিনি। সম্প্রতি তাঁর বাইপাস সার্জারি হয়েছে এবং পরে ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামের জটিল রোগে আক্রান্ত হন। এর ফলে মাঝে মধ্যে তিনি স্বল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন।

বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি হিসেবে কয়েক দিন আগে থেকেই তাঁর ব্যক্তিগত মালপত্র গুলশানের বাসায় সরিয়ে নেওয়া হচ্ছিল। ইতোমধ্যে বাসার সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও শেষ হয়েছে। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি।

সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। তিনি বঙ্গভবনে অফিস করলেও অবস্থান করবেন স্পিকারের সরকারি বাসভবনে।

এদিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।