জাতীয়

চায়না অর্থনৈতিক অঞ্চল দেশের শিল্পায়নে নতুন দিগন্ত খুলবে: অর্থমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:৩১ পিএম

চায়না অর্থনৈতিক অঞ্চল দেশের শিল্পায়নে নতুন দিগন্ত খুলবে: অর্থমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, প্রকল্পটিতে শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ হবে।

আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে আনোয়ারার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, এই বিনিয়োগ সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি জানান, সরকার এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করছে। চায়না অর্থনৈতিক অঞ্চলে এক লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বর্তমানে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা থাকলেও অবকাঠামোসহ সামগ্রিক বিনিয়োগের পরিমাণ এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ অর্থনৈতিক অঞ্চলের সুফল শুধু আনোয়ারা নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এখানে শক্তিশালী সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন), বিভিন্ন সেবাখাত এবং কর্মীদের জন্য আবাসনের ব্যবস্থা গড়ে উঠবে।

তিনি আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিল্পকারখানার পাশাপাশি আবাসন, পরিবহন, লজিস্টিকস, সেবাখাত এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হবে। এর ফলে দক্ষিণ চট্টগ্রামের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।