জাতীয়

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:২৩ এএম

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
ছবিঃ সংগৃহীত

সরকার একযোগে ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তাদের অনেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন।

গতকাল সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ জারি করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব কর্মকর্তা বর্তমানে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়ার প্রয়োজন হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা পাবেন।

নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, অবসরে পাঠানো এসব কর্মকর্তা ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিভিন্ন জেলার জেলা প্রশাসক হিসেবে পদাধিকারবলে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। বিএনপিসহ বিরোধী দলগুলো অভিযোগ করেছিল, অধিকাংশ ভোট আগের রাতেই সম্পন্ন হয়েছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে এবং নির্বাচনটি দেশে-বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

এর আগে সরকার পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকেও বাধ্যতামূলক অবসরে পাঠায়। তাদের অধিকাংশই ২০১৮ সালের নির্বাচনের সময় বিভিন্ন জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর ভোটে অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। পরে সংশ্লিষ্ট অনেক কর্মকর্তাকে বিভিন্ন দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করা হয়। সর্বশেষ তাদের মধ্যে ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।