জাতীয়
বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল চীনা দূতাবাস
বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য চীনের ১৪০তম ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (ক্যান্টন ফেয়ার)-এ অংশগ্রহণের ভিসা প্রক্রিয়া সহজ করেছে ঢাকায় চীনা দূতাবাস।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চীনের গুয়াংজুতে তিন ধাপে ১৪০তম ক্যান্টন ফেয়ারের অনসাইট প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ইচ্ছুক বাংলাদেশি আবেদনকারীদের জন্য বিশেষ ভিসা সুবিধা দেওয়া হবে।
নতুন ব্যবস্থায় ক্যান্টন ফেয়ারের ভিসার জন্য আবেদনকারীদের কেবল ১৪০তম ক্যান্টন ফেয়ারের অফিসিয়াল আমন্ত্রণপত্র জমা দিলেই হবে। এটিই হবে ভিসা আবেদনের একমাত্র বাধ্যতামূলক নথি।
তবে ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে আবেদনকারীরা চাইলে অনলাইন আবেদনের সঙ্গে অতিরিক্ত সহায়ক নথি হিসেবে পূর্বের চীনা ভিসা, ভ্রমণের রেকর্ড এবং প্রতিষ্ঠানের গ্যারান্টি লেটার জমা দিতে পারবেন।
চীনা দূতাবাস জানিয়েছে, অসম্পূর্ণ বা ভুল তথ্যসম্বলিত আবেদন গ্রহণ করা হবে না এবং সংশোধনের জন্য ফেরত পাঠানো হতে পারে। তাই অনলাইন আবেদনপত্র নির্ভুল ও সম্পূর্ণ তথ্য দিয়ে পূরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া ভুয়া বা পরিবর্তিত আমন্ত্রণপত্র, মিথ্যা তথ্য কিংবা জাল নথি জমা দিলে আবেদন বাতিল হতে পারে এবং ভবিষ্যতের ভিসা আবেদনের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।
দূতাবাস আরও জানিয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভিসা সেবা দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়নি। ভিসার ধরন, মেয়াদ, অবস্থানের সময়সীমা এবং প্রবেশের সংখ্যা সংশ্লিষ্ট নীতিমালা ও আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনায় নির্ধারণ করা হবে।
এ ছাড়া ‘নিশ্চিত ভিসা’, ‘ভিসা না হলে টাকা লাগবে না’, ‘বিশেষ চ্যানেল’ বা ‘ভেতরের যোগাযোগ’—এ ধরনের প্রতারণামূলক দাবির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
অভিযোগ বা মতামত জানাতে আবেদনকারীরা নিচের ঠিকানায় যোগাযোগ করতে পারবেন:
ই-মেইল: chinaemb_bd@mfa.gov.cn, dhaka@csm.mfa.gov.cn
ঢাকায় চীনা ভিসা আবেদন সেবা কেন্দ্রের হটলাইন: (0088-02) 226603261 (কর্মদিবসে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)