জাতীয়
পদে থাকাকালীন রাষ্ট্রপতির কৃতকর্মের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুযোগ নেই: জাহেদ উর রহমান
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে গৃহীত কর্মকাণ্ডের জন্য কোনো আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব শেষ হওয়ার পর কোনো অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ডা. জাহেদ উর রহমান জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্বকালীন কার্যক্রম আইনি জবাবদিহিতার আওতার বাইরে থাকে।
ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সম্প্রতি ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বিদ্যমান বিধি অনুসরণ করেই। সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হলে রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো কর্মকর্তাকে অবসরে পাঠানোর সুযোগ রয়েছে।
এ সময় তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসের বড় ধরনের অনিয়ম হিসেবে উল্লেখ করে বলেন, ওই নির্বাচনের ঘটনাগুলো তদন্ত করা প্রয়োজন। পাশাপাশি শাপলা চত্বর হত্যা মামলার বিচার প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলেও জানান তিনি।
আন্তর্জাতিক জোট ব্রিকস-এ বাংলাদেশের সম্ভাব্য সদস্যপদ নিয়ে তিনি বলেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশকে আপাতত পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে এবং শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়েও এখনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে পর্যটন নগরী কক্সবাজার-কে পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও ব্রিফিংয়ে জানান তথ্য উপদেষ্টা।