জাতীয়
ফ্যাসিবাদ রুখতে ঐক্যের ডাক, ১৮তম সংশোধনীকে ঐতিহাসিক বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই অভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নে সংবিধানের ১৮তম সংশোধনীকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে তা দ্রুত গ্রহণের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এই সংশোধনীই হতে পারে দেশের রাজনৈতিক কাঠামো সংস্কারের বড় পদক্ষেপ, যার প্রত্যাশা নিয়েই জুলাই অভ্যুত্থানে অনেকে আত্মত্যাগ করেছেন।
বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত কোনো শক্তির বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। তিনি দাবি করেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে। একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
সংবিধান সংস্কারের প্রসঙ্গে তিনি জানান, সংস্কার কমিশনের সুপারিশ ও রাজনৈতিক আলোচনার ভিত্তিতে জাতীয় সংসদে ১৮তম সংশোধনী পাস করা প্রয়োজন। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি ‘জুলাই জাতীয় সনদ’-এর অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
বিগত সরকারের সময় গুম, খুন ও তথাকথিত ‘আয়নাঘর’-এর প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি নিজেও দীর্ঘ সময় সেখানে ছিলেন এবং অভিজ্ঞতা ছিল অত্যন্ত কষ্টকর। ইলিয়াস আলীসহ গুম হওয়া ব্যক্তিদের বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়ে তিনি বলেন, গুরুতর আহতদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। তাদের শ্রেণিভিত্তিক তালিকা তৈরি করে সুচিকিৎসা নিশ্চিত করা এবং যাদের নাম এখনো তালিকাভুক্ত হয়নি, তাদের দ্রুত অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেন তিনি।
এ ছাড়া জাতীয় সংসদে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দৃঢ়ভাবে বলেন, দেশে আর কখনো ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া হবে না।